স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার সরকারি এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এই তালিকায় নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো: হারুনুর রশিদ আজাদ।
সরকারের এই সিদ্ধান্তের ফলে নোয়াখালীসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা পরিষদের দায়িত্ব পাওয়ায় মো: হারুনুর রশিদ আজাদকে নিয়ে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হারুনুর রশিদ আজাদকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা যায়।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়ে এসব পোস্ট দেন।
রাজনৈতিক জীবনে হারুনুর রশিদ আজাদের অবদান তুলে ধরে তাঁকে জেলা পরিষদের প্রশাসক করায় একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতার যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মন্তব্য করেন অনেকে।
জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের মধ্যদিয়ে মো: হারুনুর রশিদ আজাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সূচনা।
এরপর তিনি নোয়াখালী শহর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি পরপর দুই মেয়াদে নোয়াখালী পৌরসভার মেয়র ছিলেন। এছাড়া তিনি নোয়াখালী জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ার খবরে মো: হারুনুর রশিদ আজাদ বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমার দলের নেতাকর্মীসহ জেলাবাসীর দোয়া কামনা করছি। তিনি বলেন, সবার সহায়তায় নোয়াখালী জেলা পরিষদকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।