নোয়াখালী প্রতিনিধি:
সাত বছরের দাম্পত্য জীবনে প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় ছিলেন বায়হান আলম তানভীর ও তার স্ত্রী সাথী। অনাগত সন্তানকে ঘিরে ছিল অসংখ্য স্বপ্ন ও প্রত্যাশা। পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দের প্রস্তুতিও চলছিল। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। নোয়াখালী জেলা শহরের আল রাজী হাসপাতালে সন্তান প্রসবের সময় চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগ তুলে নবজাতকের মৃত্যুর বিচার দাবি করেছে পরিবার।
২০১৯ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের রায়হান আলম তানভীরের সঙ্গে সাথীর বিয়ে হয়। দীর্ঘ সাত বছর পর তাদের ঘর আলো করে আসার কথা ছিল ফুটফুটে এক কন্যাশিশুর। কিন্তু পরিবারের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলায় সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি।
পরিবার জানায় গত শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সন্তান প্রসবের জন্য নোয়াখালী জেলা শহরের আল রাজী হাসপাতালে ভর্তি হন সাথী। পরিবারের অভিযোগ, স্বাভাবিক প্রসবের কথা বলে তাকে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরে রাত ৯টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের কথা জানানো হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, গর্ভের শিশুর হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। পরে রাত ৩টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচার করে মৃত সন্তান প্রসব করানো হয়।
সন্তান হারানোর শোক প্রকাশ করে বায়হান আলম তানভীর বলেন, “আমার স্ত্রীকে নরমাল ডেলিভারির কথা বলে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যেই আমার বাচ্চা মারা যায় বলে জানতে পারি। পরে রাত ৯টার দিকে জানানো হয়, আমার স্ত্রীর সিজার করতে হবে। প্রথমে বলা হয়েছিল বাচ্চার অবস্থা ভালো। কিছুক্ষণ পর জানানো হয়, বাচ্চার হার্টবিট নেই। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক অনুরোধ করার পর রাত ৩টার দিকে মৃত সন্তান সিজার করে বের করেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছি।”
সাথীর ভাই কেয়াপত উল্ল্যাহ শান্ত অভিযোগ করে বলেন, “প্রায় তিন ঘণ্টা আমার বোনকে ওটি রুমে ফেলে রাখা হয়েছিল। এ সময় তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। আমার বোন বারবার হাতজোড় করে পরিবারের সদস্যদের ডেকে দেওয়ার অনুরোধ করলেও কাউকে ডাকা হয়নি। ব্যথা কমানোর জন্য স্যালাইন লাগানো হলেও পরে নার্স তা খুলে রাখেন।”
পরিবারের অভিযোগ, চিকিৎসক স্বাভাবিক প্রসবের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছেন এবং হাসপাতালের নার্সদের অবহেলার কারণেই অনাগত শিশুটির মৃত্যু হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাইনী চিকিকসক ডা. আফসানা জান্নাত দাবি করেন, রোগীর স্বজনেরা স্বাভাবিক প্রসবের অনুরোধ করায় তিনি দুই থেকে তিন ঘণ্টা সময় দিয়েছিলেন। এ সময়ের মধ্যে শিশুর অবস্থার অবনতি হয়। পরে পরীক্ষা করে শিশুর হৃদস্পন্দন না পেয়ে আল্ট্রাসনোগ্রাম করা হলে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আরও জানান, গর্ভাবস্থাটি ঝুঁকিপূর্ণ ছিল এবং রোগীর একটি কিডনি ছোট ছিল। এ কারণে শুরু থেকেই তিনি সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। তবে স্বজনদের অনুরোধে স্বাভাবিক প্রসবের জন্য কিছুটা সময় দেওয়া হয়। পরে স্বজনদের অনুরোধে তাঁর উপস্থিতিতে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় তিনিও মানসিকভাবে মর্মাহত বলে জানান।
আল রাজী হাসপাতালের ম্যানেজার ইয়াছিন আরাফাত তুহিন বলেন, “আমি ঘটনার দিন ডিউটিতে ছিলাম না। আজ সকালে বিষয়টি শুনেছি। তবে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের হাসপাতাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের পক্ষ থেকে কোনো অবহেলা করা হয়নি।”
এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, “এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আমরা খোঁজখবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাত বছরের প্রতীক্ষার পর যে সন্তানকে ঘিরে একটি পরিবার নতুন করে স্বপ্ন বুনেছিল, সেই সন্তানকে হারিয়ে এখন শোকাহত স্বজনেরা। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সম্পাদক -জুয়েল রানা লিটন, অফিস : নোয়াখালী প্রেসক্লাব, মাইজদী কোর্ট, নোয়াখালী।