সুষ্ঠু রাজনৈতিক চর্চা স্কুল, কলেজ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। রাজনীতি মানে লুটপাট আর চাঁদাবাজি নয়, রাজনীতি মানে মানুষের ওপর খবরদারি করা নয়। রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা মানুষকে সম্মান দেয়া, দেশকে ভালোবাসা।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে যুগান্তর ক্রীড়া সংঘের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ও ৫২জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান এসব কথা বলেন।
শাহজাহান বলেন,আমরা চাই আগামী নির্বাচনে যেন জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটে। জনগণকে অন্ধকারে রেখে, জনগণকে বোকা বানিয়ে দেশে যেন আর কোন নির্বাচন না হয়। জনগণ যেন স্বাধীনভাবে তার প্রতিনিধিকে নিজের ভোট প্রদানের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত করতে পারে, আমরা সবাই মিলেই সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে।
ভুলুয়া ডিগ্রি কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে, যুগান্তর ক্রীড়া সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ভুলুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলো’সহ অনেকে।
উল্লেখ্য,গত ২০২৪ সালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৮৭৬জন শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যারমধ্যে ২৬ শিক্ষার্থী কৃতকার্য হয়।