আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে চুরির ঘটনার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পরিষ্কার বাজার এলাকায় এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের লোকজন অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজগর ড্রাইভারের বাড়িতে চুরি হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনার পরও অভিযুক্তদের শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা চোর ধরো-বিচার করো স্লোগান দিয়ে ঝাড়ু মিছিল বের করেন এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ভুক্তভোগী আজগর বলেন, “বাড়ি ফাঁকা থাকায় দুর্বৃত্তরা ঢুকে নগদ টাকা ও গয়না নিয়ে যায়। এখনো চোর ধরা না পড়ায় আমরা হতাশ।”
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”