হাতিয়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, ভাবি গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ মে, ২০২৫

হাতিয়া>

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় জমি বিরোধের জের ধরে ছোট ভাই মো. ওসমানকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার বড় ভাই ও পরিবারের লোকজনের বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছকিনা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জমি বিরোধের জের ধরে ওসমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি একে এম আজমল হুদা।

এর আগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।

নিহতের স্ত্রী পারুল বেগম জানান, দীর্ঘদিন যাবৎ জায়গা জমির বিরোধের জের ধরে তার স্বামী ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলে আসছিল। শনিবার রাত ২টার দিকে তার স্বামী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পর তার স্বামীর চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে বাড়ির লোকজন ওসমানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যায়।

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের স্ত্রী পারুল বেগম ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যা মামলায় নিহতের বড় ভাইয়ের স্ত্রী ছকিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ