টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নোয়াখালীতে জলাবদ্ধতা বৃদ্ধি:‌ আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নোয়াখালী জেলাজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১০ জুলাই জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত ২ লাখ ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪১ হাজার ৮৪০ জন।

গতকাল বুধবার রাতে বৃষ্টি কম হাওয়ায় পানির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে। এতে আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকাগুলোর অনেকেই পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। জরুরি ভিত্তিতে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের দাবি ক্ষতিগ্রস্তদের।

জলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। নোয়াখালী সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা ৩০ হাজার, সেনবাগে ৩ হাজার ৮৭০, কবিরহাটে ৩ হাজার ৬৫০, কোম্পানীগঞ্জে ৩ হাজার ৫২০, সুবর্নচরে ৫০০ এবং হাতিয়া উপজেলায় ৩০০। বন্যায় ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে অন্তত ১টি, আংশিক ক্ষতিগ্রস্ত ৪০টি ঘর।

এ পর্যন্ত বন্যাজনিত কারণে কোন মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। জেলাজুড়ে মোট ৪০টি আশ্রয়কেন্দ্রে ১৪১৯ জন মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া ২৪০টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ৫১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে যার মধ্যে কাজ করছে ২৯টি।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, নোয়াখালীর পৌরসভাগুলোতে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। যা অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, খাল ও ড্রেনগুলো দখলের কারণে সৃষ্টি হয়েছে। তিনি এসব ড্রেন ও খালগুলি পুনরুদ্ধারে পৌরসভাকে বারবার নির্দেশনা দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ১৯ টি খাল চিহ্নিত করেছে যা পুনরুদ্ধারের ব্যবস্থা নেবে এবং বিএডিসির প্রকল্পের আওতায় ১৭১ কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করা যাচ্ছে কাজগুলো বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ