দুই প্রকৌশলীর হাতে নোয়াখালী যুবশক্তির নেতৃত্ব
আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান অন্তর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত
নয়াসকাল ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুই প্রকৌশলীকে জেলার শীর্ষ নেতৃত্বে রেখে গঠিত এই কমিটি নোয়াখালীর যুবরাজনীতিতে একটি উল্লেখযোগ্য সংযোজন।
গত ২৬ নভেম্বর জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটি আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এতে ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান অন্তরকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাতকে সদস্য সচিব করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের অনুমোদন এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার হেদায়েতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. সুমন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নোয়াখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। বিএনপির জাতীয়তাবাদী যুবদল, জামায়াতে ইসলামীর যুব বিভাগসহ অন্যান্য রাজনৈতিক যুব সংগঠনের পাশাপাশি জাতীয় যুবশক্তির শীর্ষ দুই পদে প্রকৌশলীদের দায়িত্ব প্রদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
একই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উভয়েই প্রকৌশলী হওয়ায় জেলার যুবরাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও প্রযুক্তিনির্ভর নেতৃত্বের বিষয়টি সামনে এসেছে।
তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা, কর্মসূচি বাস্তবায়ন এবং তরুণদের কল্যাণে কার্যকর ভূমিকার মাধ্যমেই নবগঠিত কমিটির নেতৃত্বের মূল্যায়ন হবে।
আগামী এক বছরে নোয়াখালীর যুবরাজনীতিতে নবগঠিত এই কমিটি কী ধরনের ভূমিকা রাখবে?