শিরোনাম:

চলাচলের পথে টয়লেট নির্মাণ, প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

নোয়াখালী-

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর পরিবারে বসতঘরের সামনে চলাচলের পথ দখল করে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসি বৈঠক করে এবং পরবর্তীতে থানাসহ প্রশাসনের অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবারটি। উদ্ভুত পরিস্থিতিতে অবরুদ্ধ পরিবারটির নারী-শিশুসহ সদস্যরা চরম দুর্বিসহ জীবনযাপন করছে।

রোববার সকালে সরেজমিনে ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্লবপুর গ্রামের আশকর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে ১০-১২টি পরিবারের বসবাস। বাড়িতে প্রবেশেরও রয়েছে একাধিক পথ। এর মধ্যে একটি পথ ব্যবহার করতেন বাড়ির বাসিন্দা বাহারাইন প্রবাসী মো. বেলাল হোসেনের পরিবারের সদস্যরা। ওই পথের প্রবেশমুখের দুই পাশে দেলোয়ারা বেগম ও আবদুল মান্নান নামে আরো দুইটি পরিবারের বসতঘর রয়েছে। দুই পাশে থাকা ঘরের মাঝখান দিয়েই প্রবাসী বেলাল হোসেনের পরিবারের সদস্যদের যাতায়াতের পথ। প্রায় চার বছর আগে নতুন পাকাঘর নির্মাণের পর থেকে নিজেদের মালিকানাধীন জায়গার ওই পথ দিয়েই তাঁরা যাতায়াত করেন।

বেলাল হোসেনের ছেলে সাজ্জাদুল ইসলাম অভিযোগ করেন, তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশি দেলোয়ারা বেগম তার পৈত্রিক জায়গা দখল করে একটি টয়লেট নির্মাণ করেন। ঘর নির্মাণ করার সময় তাদের টয়লেটটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। তারা অনুরোধ না শুনে চলাচলের পথ বন্ধ করে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টয়লেটটি পুণ:নির্মাণ করে এবং চলাচলের পুরো পথে টিনের বেড়া দিয়ে তাঁদের অবরুদ্ধ করে ফেলে। এ সময় প্রতিবাদ করলে তার চাচা শারীরিক প্রতিবন্ধী মো. রাসেলসহ পরিবারের সদস্যদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও তা মামলা হিসেবে রুজু করা হয়নি।

প্রতিবন্ধী রাসেলের স্ত্রী বিবি কুলসুম অভিযোগ করেন, টয়লেটের দুর্গন্ধের কারণে ঘরে থাকা যায় না। টয়লেট নির্মাণের পর থেকে তারা নারী-শিশুসহ পরিবারের সদস্যরা দুর্বিসহ জীবনযাপন করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের কাছেও অভিযোগ করেছেন। তাই প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন সরেজমিনে বিষয়টি দেখে তাদের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করে দেন।তবে প্রতিবেশির জায়গা ও চলাচলের পথ দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন দেলোয়ারা বেগম। তিনি বলেন, বেলাল হোসেনদের চলাচলের পথ এটি নয়। আর যে জায়গায় টয়লেট নির্মাণ করা হয়েছে সেটিও তাদের নয়। তিনি তার জায়গাতেই টয়লেট নির্মাণ করেছেন। তবে টয়লেট নির্মাণে বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। আগে তার লোকজনের ওপর হামলা চলানো হয়েছে। পরে তার লোকজন পাল্টা হামলা করেছে।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ভুক্তভোগী পরিবার চলাচলের পথে প্রতিবেশি টয়লেট নির্মাণ করা এবং মারধরের বিষয়ে পুলিশ সুপারের কাছে একটি অভিযেগ করেছেন। সেখান থেকে অভিযোগটি থানায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ