নয়া সকাল প্রতিবেদক
দেশের প্রবীণ আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপ-রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী এবং নোয়াখালী-৫ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের।
অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদের পাশাপাশি বাংলাদেশ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবু আহমেদ চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব মোহাম্মদ নুর উদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া শিক্ষা, সমাজসেবা, অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কবিরহাট উপজেলার একাধিক কৃতী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের, লুৎফর রহমান চৌধুরী, এ টি এম ফজলুল হক, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, চৌধুরী গোলাম মাওলা, মাওলানা আবদুল মোনায়েম, মাহবুবুল হক এবং সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রাজ্জাকুল হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের বলেন, নোয়াখালীর কবিরহাট উপজেলার অসংখ্য কৃতী সন্তান দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দল-মত নির্বিশেষে যারা প্রয়াত হয়েছেন এবং যারা এখনো সমাজে অবদান রেখে যাচ্ছেন, তাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা সবার নৈতিক দায়িত্ব। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের এ উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতী ব্যক্তিদের সম্মাননার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন।