মো সামিউল হাসান স্বাধীন (নোবিপ্রবি প্রতিনিধি)
বহু প্রতীক্ষিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি, ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যাম্পাস জীবনের এই চমৎকার সমাপনী এবং নতুন পথচলাকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি ‘সমাবর্তন রিলস কনটেস্ট’ ও ‘লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। নোবিপ্রবির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রচার, প্রকাশনা ও আমন্ত্রণ উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রিলস জমা দেওয়ার নিয়মাবলিতে বলে হয়েছে:
রিলসের মূল প্রতিপাদ্য বিষয় হবে নোবিপ্রবির ৩য় সমাবর্তন সংক্রান্ত। যেমন সমাবর্তনের প্রস্তুতি, প্রিয় স্মৃতি ইত্যাদি, রিলস ভিডিওর দৈর্ঘ্য হতে হবে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট, ভিডিওটি অবশ্যই নিজ নিজ ফেসবুক প্রোফাইলে ‘পাবলিক’ করে আপলোড করতে হবে, আপলোড করার সময় অবশ্যই এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে “#3rdConvocationNSTU2027
#NSTUConvocation2027
#NoakhaliScienceandTechnologyUniversity,NSTU-Official”
রিলস এর পাশাপাশি ৩য় সমাবর্তন উপলক্ষ্যে একটি “লোগো ডিজাইন” প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে।
আগ্রহী প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের তৈরি রিলস ও লোগো ডিজাইন জমা দিতে হবে। লোগো এবং রিলস ভিডিওর লিংকটি আগামী ১০ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে pr@office.nstu.edu.bd এই ই-মেইলে প্রেরণ করতে হবে।
ভিডিওর ক্রিয়েটিভিটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ ও শেয়ারের ওপর ভিত্তি করে সেরা ৩টি রিলস বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। রিলস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং লোগোর ডিজাইন ও সৃজনশীলতার ওপর ভিত্তি করে সবার সেরা লোগো ডিজাইনার এর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।