নোয়াখালী, সোমবার (১১ আগস্ট):
নোয়াখালীর মাইজদী গণপূর্ত অধিদফতরের বিপরীত পাশে চলমান গণউপদ্রব সৃষ্টিকারী বিভিন্ন অবৈধ স্থাপনা ও বস্তু অপসারণ অভিযানে বাঁধা দেওয়ার অভিযোগে যুব অধিকার পরিষদের নোয়াখালী জেলা সভাপতি ওসমান গনি রুবেলকে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে রুবেল তার নিজস্ব দোকান সরাতে অস্বীকৃতি জানান এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। প্রশাসনের কাজে সরাসরি হস্তক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার অভিযোগে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তাকে আটক করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।
পরবর্তীতে প্রশাসনের সতর্কবার্তা ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির মুখে রুবেল ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে লিখিত মুচলেকা দেন। শর্ত ভঙ্গ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সংগঠক ফরহাদুল ইসলামসহ, গন অধিকার পরিষদের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন সহ আরো অনেকে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণউপদ্রব সৃষ্টিকারী ও সরকারি কার্যক্রমে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।