নয়া সকাল প্রতিবেদক:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘গাছ মানুষের প্রকৃত বন্ধু। আমাদের যে মৌলিক চাহিদা তার সকল উপাদান আমরা গাছ থেকে পাই। গাছই আমাদের বেঁচে থাকার রসদ কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই। বাংলাদেশে যে ২৫ ভাগ বনভূমি থাকার কথা তার তুলনায় অনেক কম রয়েছে। যে কারণে বেশি করে গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য আজকের এই বৃক্ষ মেলা’।
জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ১৫ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হয়েছে। দর্শনার্থীরা স্টল গুলোতে বিভিন্ন প্রজাতির অপরিচিত গাছের চারা গুলো চেনার চেষ্টা করছেন। অনেকে পছন্দমত গাছের চারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন।
সকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফুজ্জামান, সাংবাদিক লিয়াকত আলী খান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। মেলায় বন বিভাগসহ জেলার ১৫টি সুনামধন্য নার্সারির স্টল বসানো হয়েছে। স্টল গুলোতে সাধারণ গাছের চারাসহ বিভিন্ন বিরল প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। উপকূলীয় বন বিভাগ নোয়াখালী সদর রেঞ্জের কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, এই মেলা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।