সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি (নোয়াখালী)

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফ্রিজ মেরামতের সময় ইমাম হোসেন (২৭) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চরকাজী মোকলেছ ফরিদ মাঝির দোকানের পাশে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন চরজুবিলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে। তিনি এক সন্তানের পিতা এবং স্থানীয় হারিছ চৌধুরী বাজারে ফ্রিজ মেরামতের দোকান চালাতেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদুর রহিম জানান, ইমাম একটি বাড়িতে ফ্রিজ ঠিক করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমামের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে।

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ