আবদুল জব্বার, বিশেষ প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব চর গাংচিলের মন্তাজ খালী আবাসন (ব্র্যাক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন একই এলাকার মো. মাসুদের ছেলে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদীভাঙনে তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর থেকে তারা রাস্তার পাশে অস্থায়ীভাবে ছাপড়া ঘরে বসবাস করছিলেন।
বুধবার দুপুরে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। পরিবারের সদস্যরা তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার খবর পেয়েছি। কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”