আবদুল জববার, বিশেষ প্রতিনিধি মোয়াখালী।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২৪ হাজার টাকার জাল নোটসহ নুর আলম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নুর আলম সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের ইব্রাহিমের ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ওই রাতে নুর আলম স্থানীয় একটি মুদিদোকানে সুজি কিনতে গিয়ে এক হাজার টাকার জাল নোট ব্যবহার করেন। নোটটির মান দেখে দোকানদারের সন্দেহ হলে তিনি পাশের দোকানদারদের বিষয়টি অবহিত করেন। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা মিলে নুর আলমকে আটক করে চরজববর থানা-পুলিশেকে খবর দেওয়া হয়।
পরে চরজব্বার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর আলমের শরীর তল্লাশি করে তাঁর মানিব্যাগ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
ওসি শাহীন মিয়া আরও জানান, এ ঘটনায় আটক নুর আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।