নোয়াখালী প্রতিনিধি:
ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে উদ্বোধন হলো নোয়াখালী জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৬। খেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭টি দল অংশ নেয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ক্রিকেট লীগের উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাস্তনু কুমার দাশ, তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক তাউছ মো. বেনী আমিন চৌধুরী, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ ক্রীড়ানুরাগী ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা শেখায়। বিশেষ করে তরুণদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেলা প্রশাসক আরও বলেন, “নোয়াখালীর প্রতিটি উপজেলায় খেলাধুলার চর্চা বাড়ুক এবং প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাক। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আমাদের লক্ষ্য—একটি সুস্থ, দক্ষ ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নোয়াখালীসহ দেশের সুনাম বয়ে আনবে।”