নোয়াখালী প্রতিনিধি
নিজের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে ফেসবুকে ভুয়া প্রোফাইল তৈরি এবং ওই প্রোফাইলের মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগ উঠেছে আলাউদ্দিন সবুজের। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, আলাউদ্দিন সবুজ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত একজন কর্মচারী । তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে একটি প্রোফাইল পরিচালনা করা হচ্ছে। ওই প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর, আপত্তিকর ও মানহানিকর পোস্ট এবং মন্তব্য প্রচার করা হচ্ছে, যার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।
১৮ নভেম্বর ২০২৬ তারিখে বনানী থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, ভুয়া ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাঁকে এবং তাঁর পরিচিত ব্যক্তিদের বিভিন্নভাবে বিব্রত ও হয়রানি করা হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে তাঁর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা বা অপরাধ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
অভিযোগে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের একটি লিংক উল্লেখ করে এর মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর কর্মকাণ্ড পরিচালিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন তিনি।
একই ঘটনায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন) বরাবরও লিখিত আবেদন করেছেন আলাউদ্দিন সবুজ। ওই আবেদনে তিনি ভুয়া ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তাঁর নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে অপপ্রচার এবং সামাজিকভাবে হেয় করার বিষয়টি উল্লেখ করেন।
আবেদনে তিনি জানান, তাঁর পূর্ববর্তী কর্মস্থল ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), নোয়াখালী। বর্তমানে বদলিকৃত কর্মস্থল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ভুয়া প্রোফাইলের মাধ্যমে তাঁর পরিচিত ব্যক্তিদের বিভ্রান্ত করা এবং ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের লিংক, প্রোফাইলের স্ক্রিনশট, আপত্তিকর পোস্টের স্ক্রিনশটসহ প্রয়োজনীয় প্রমাণাদি সংযুক্ত করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আলাউদ্দিন সবুজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুয়া ফেসবুক প্রোফাইল শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফেসবুক প্রোফাইল পরিচালনাকারীর পরিচয় ও বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।